নিত্যপণ্যের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে এখন খাদ্যের জন্য হাহাকার চলছে। ইনফ্লেশন রেট অনেক দেশে ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। অনেক ইউরোপিয়ান দেশে সাত থেকে ৯ শতাংশ পর্যন্ত ইনফ্লেশন (মূল্যস্ফীতি) রেট হয়েছে। এরপরও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য।
শেখ হাসিনা, সেখানে যারা মজুত করবে কিংবা মানুষের প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনোরকমের খেলা খেলতে যাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশের মানুষকে আমি বলবো, এই যুদ্ধের কারণে আপনারা জানেন যে বিদেশ থেকে যে সব জিনিস আমরা আমদানি করি সেগুলো আনা খুব কঠিন হয়ে গেছে। পাওয়াই যাচ্ছে না। অনেক দেশ তাদের উৎপাদিত পণ্য আর রফতানি করছে না। এক্ষেত্রে আমাদের দেশে- আমাদের যে মাটি আছে তা ব্যবহার করে আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
তিনি বলেন, ‘এক ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে। যেখানে যার যেটুকু আছে তাই আবাদ করবেন। নিজের প্রয়োজনীয় জিনিস নিজেরা উৎপাদন করে নিজেরা ব্যবহারের ব্যবস্থা নিতে হবে। আমাদের যেন কারো নিকট মুখাপেক্ষী হতে না হয়।
তিনি আরও বলেন, মানুষের সুরক্ষায়, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে যাচ্ছি। সেই কাজের সুফলটা মানুষ যাতে পেতে পারে সেটাই আমরা চাই।